এবাদুল হক
দুটি কবিতায়
কবি এবাদুল হক
নি:সঙ্গ শূন্যতা
নৈঃসঙ্গ মৃদঙ্গ বাজে দিগন্তের শহরে - চরাচরে
ভেতরে কি আছে কেউ? কে আছে ভিতরে বাহিরে।
শূন্যতার মেঘভারে পিশাচ অন্ধকার কাঁদে একা একা
স্ফূটিক মায়াজ্যোৎস্নায় জেগে আছে নক্ষত্রবালিকা।
যতটা হরিৎ, জানি, তার চেয়ে বেশি ঝরাপাতা
মাপজোক শেষ হলে পড়ে থাকে কবিতার খাতা।
প্রেম থেকে ব্যাভিচারে যেতে
ক্রোধের মধ্যে আমি পালটে যাচ্ছি
উলটে যাচ্ছি ভয়াবহ দর্শনের মাঝে।
প্রতিটি গলির মুখে অদ্ভূত দরজা,অদ্ভূত প্রহরী তার
যথাযথ ভদ্রতার মুখোশে স্থির দুটি উদাসীন চোখ
আমাকে উত্তপ্ত করে, উষ্ণ করে কেন মিছেমিছি।
উলঙ্গ লজ্জার সাথে রাত্রিবাস করে তারা কি দাঁড়িয়ে আছে
সমস্ত গলিতে ; কতক্ষণ লাগে আর
ক্রোধ থেকে মৎসন্যায়ে যেতে হাতে নিয়ে শেষ কপর্দক।
সম্মুখে গর্বের পথে উন্মুখ নেকড়ের প্রহর
মৃতেরা মর্যাদা পাবে মিলবে না এমন আশ্বাস
যে পথ এসেছ ফেলে ভাঙা কাঁচ ভাঙা স্বপ্নে ভরে
সেখানে পাবে কি তুমি অতি ক্ষীণ ফেরার বিশ্বাস।
ক্রোধের মধ্যে তুমি থেকো না দাঁড়িয়ে বহুক্ষণ
চলে এস, চলে এস নৈরাজ্যের মন
প্রার্থনার শান্তির জগতে ;
শূন্য হাতে কতক্ষণ লাগে আর প্রেম থেকে ব্যাভিচারে যেতে।

ভালো লাগলো। ধন্যবাদ প্রিয় কবি।
ReplyDeleteভালো লাগলো। ধন্যবাদ প্রিয় কবি।
ReplyDeleteখুব ভাল লাগল।
ReplyDelete