সমরেশ মন্ডল

দুটি কবিতায়
কবি সমরেশ মন্ডল


একজন অনন্ত বিশ্বাস

কথারা কীভাবে আসে সাজতে, তার কোনও

সঠিক সূত্র থাকেনা। কথাবার্তায় ধরা যায় না,

কুহকে কুহকে আলো জ্বলে ওঠে,

সব সময় ধরাও পড়ে না।


ধরা গেলে পৃথিবীটা অন্যরকম হয়ে যেত

অন্যরকম বলতে ঠিক কী রকম বলা হয়

জানি না।যার থেকে ভালবাসা কী হয়ে যায়

এলোমেলো? 


যা যা বলতে চাই বলা হয়ে যায় সরাসরি

বলার পর, পর পর শব্দকে নির্বাপিত করে

হাতের তালুতে নিয়ে দাবার গুটির মতো

সাজানো যায় ভাবনার গুচ্ছ।


সতর্ক সূত্র নিয়ে দিন আসে দিনের পদাবলী

বিন্যস্ত হয় রাতজাগা প্রহরীর মতো

জটিল বিন্যাস খুলে কখন আসে বিশ্বাস।


বিশ্বাসের সব বাধা দূর করে জেগে থাকে যা

তা বিশ্বাস।

কখন অনন্ত এসে বসে বাঁ পাশে


তখন তার নাম হয়ে যায় অনন্ত বিশ্বাস

যা একজন মানুষের নাম ও হতে পারে।



কথা


কিছুটা কমানো যাক, কিছুটা টেনে বাড়ানো

আর কিছুটা ভালবাসার প্রতিরোধের মুখে

ঠেলে দেওয়া যাক, কবিতাকে।


নির্মল যে পৃথিবী তা তো পদপিষ্ট হয়ে

চাপে তাপে গলে যাচ্ছে জীবনের কাছে।


জীবন এমনই খোলা বারান্দা এখন, যে ভিতরে

ঢোকার আগে জুতো খুলে রাখলেই চলে।








Comments