সৌগত প্রধান
দুটি কবিতায়
কবি সৌগত প্রধান
দুরত্ব
কিছুদিন ধরে অহনাকে অন্যরকম দেখছি -
দেখলেই বোঝা যায় সমান্তরাল শাড়ির ভাঁজ
অনেকদিন বসন্ত হাতের আদর পায়নি,
সিঁথির পরিপাটি ভাবও যেন
উঁকি মারছে এলোমেলো চুলের ফাঁকে।
বুকের ভেতর জমে থাকা মন উদাসী গন্ধ
ভাগ হয়েছে শিমুল পলাশে,
খুব চেনা কনকচাঁপা হাসি ছড়ানো পাতলা মলাট
আজ বদলেছে পাথুরে পেলবতায়.......
শেষ বিকেলের আঁধারে দুটো একটা আকাশ তারায়
তোমার উঠোন জুড়ে বাজে কোমল উপোসী জ্যোৎস্না।
ঘরের সামনে দাঁড়িয়ে পিপুল বকুল
এফোঁড় ওফোঁড় ওড়া আঁশটে বাতাস
নদীখাতে নামাচ্ছে শ্যাওলামাখা রাত।
কি না কী ভেবেছি তোমাকে নিয়ে
যেন পরের কোনো শিশির পাতায়
খুঁজবো তোমায় নতুন সহজ পাঠে।
দুটি তারার মাঝের দূরত্বে তুমি আজ সম্পর্কের মাঝরাত
আমি শিউলি ফোটা ভোর.........
জীবন
ছুঁতে পারার আনন্দ আর
ছুঁতে না পারার আনন্দে যে ফাঁক থাকে ,
তাকে স্বীকার করলেই হোম জ্বলে মনের ঘরে ।
একটু তুমি একটু আমির ভিতর
রাতের পর রাত সাজিয়ে গড়া যে জীবন
তাকে পুড়িয়ে নির্মাণ হচ্ছি রোজ ।
এ যেন সেই অস্থিরতা --
যার ওপারে জমে থাকে নির্জন মেঘ
আর বেদী সাজিয়ে মুখোমুখি অপেক্ষায়
আমার জীবন .....

Comments
Post a Comment