শান্তিময় মুখোপাধ্যায়

দুটি কবিতায়

কবি শান্তিময় মুখোপাধ্যায়


পুরিয়া


পঞ্চমের টুপটাপ খসে যাওয়া মনখারাপ 

জল সইতে সইতে ক্রমশ মিলিয়ে যাচ্ছে


দূরে ভাসা কলসিটি কেন এতো অন্যমনস্ক

রাতের প্রথম প্রহর তার কিছু জানে 

আর জানে দীঘির আঁচলে রেখে আসা হাঁসের মৈথুন


অপরিণাম এই দর্শনের কোনো শিরোনাম হয় না

মনখারাপের বেহালায় বিশেষত সবই যখন অস্তরাগ

ছড়ের দাঁড় টেনে অনর্গল বাজাচ্ছে রক্তপাত


গান্ধারের আয়নায় গড়িয়ে পড়া পরিপাটি দেখে

নরম রেখাবের মাংসে দাঁত বসিয়ে     



পুরিয়াকল্যাণ 


ছায়া সরে যাচ্ছে পুরিয়াকল্যাণের খোয়াই বরাবর


সি-মাইনরে থুম মেরে থাকা বিকেল

আরো একবার মনে করিয়ে দিলো ঝালাদের

গলা চিরে উঠে আসা টু স্টেপ 


বিতে না আয়ে পিয়া


দিনান্তের বন্দিশে নুয়ে পড়া ঈষৎ গোধূলি

ফেরিঘাটসুদ্ধ পার হচ্ছে নৌকায়


আত্মগোপনকারী এই চরাচর আপাতত 

ননস্টপ হারিয়ে যাওয়া


দু-পা এগুনো দু-পা পিছোনো


অন্তর্বাসের পাতায় রেখে আসা 

বয়স্ক পেট্রোম্যাক্স 

Comments